Police initiative to restore confidence through route marches ahead of elections, appeal to vote fearlessly
আসন্ন নির্বাচনের আর মাত্র ১৩ দিন বাকি। সেই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তৎপর হয়েছে প্রশাসন। শুক্রবার সকাল প্রায় ১০টা নাগাদ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নিয়ামতপুরের বিভিন্ন এলাকায় রুট মার্চ করে।
এই রুট মার্চ চলাকালীন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। একইসঙ্গে ভোটারদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেওয়া হয় কোনও রকম ভয়ভীতি বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে, নির্ভয়ে ও স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
প্রশাসনের এই পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে আগামী দিনেও এ ধরনের রুট মার্চ চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

