Saturday, 20 Jun 2026

দুর্গন্ধে নাজেহাল মানুষজন, রাজ্য সড়ক অবরোধ কাঁকসায়

IMG

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায় মদ কারখানার দূষণের বিরুদ্ধে আবারও রাজ্য সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ, মদ কারখানার বর্জ্য রাইস মিলের গুদামে মজুত করা হচ্ছে, যা থেকে চরম দুর্গন্ধ ছড়াচ্ছে। এছাড়া, দূষিত বর্জ্য জমিতে ছড়িয়ে পড়ায় চাষের ক্ষতি হচ্ছে এবং এলাকার অনেকেই দুর্গন্ধের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

এই প্রতিবাদে আজ পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ দেখান। দোমরা অঞ্চলের বাসিন্দারা রাস্তার ওপর বসে প্রতিবাদ শুরু করেন, ফলে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ রক্ষাকারী এই সড়ক স্তব্ধ হয়ে যায়। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে জনতাকে শান্ত করার চেষ্টা করলে, স্থানীয় আদিবাসী সমাজের মানুষজন পুলিশকে ঘিরে বিক্ষোভ করেন।

তাদের দাবি, তিন থেকে চার মাস ধরে এই সমস্যা চলছে। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, ফলে আজ তারা আন্দোলনে অংশ নিয়েছে। অনেক প্রতিশ্রুতি পেলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তারা হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে লাগাতার আন্দোলন চলবে।

Share: