Saturday, 20 Jun 2026

মুচিপাড়ায় এসবিএসটিসির কাউন্টার বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ যাত্রীদের

IMG

এসবিএসটিসির টিকিট কাউন্টারে ঝাঁপ পড়ায় চরম ভোগান্তির মুখে যাত্রীরা। দুর্গাপুরের মুচিপাড়ায় আগে এসবিএসটিসির কোনো টিকিট কাউন্টার ছিল না, ফলে যাত্রীদের নানান সমস্যার সম্মুখীন হতে হতো। ২০১৯ সালে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে একটি টিকিট কাউন্টার তৈরি করে। এই সড়ক ধরে মুচিপাড়া থেকে ধর্মতলা, করুণাময়ী, শিলিগুড়ি সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে যাতায়াত করা যায়। কাউন্টার চালু হওয়ায় যাত্রীদের সুবিধা হয়।  


তবে সূত্রের খবর অনুযায়ী, কাউন্টারটি লিজ নিয়ে পরিচালনা করত দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থা। ২০২৪ সালের ডিসেম্বর থেকে যাত্রীদের অভিযোগ, কখনও সার্ভার ডাউন আবার কখনও টিকিট নেই বলে ফিরিয়ে দেওয়া শুরু হয়। ২০২৫ সালের শুরুতেই কাউন্টারটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আগাম কোনো নোটিশ ছাড়াই কাউন্টার বন্ধ হওয়ায় অনেকেই টিকিট কাটতে এসে সমস্যায় পড়ছেন। বাসের সময়ও জানতে পারছেন না যাত্রীরা। এই সমস্যার মুখে পড়তে হচ্ছে স্কুল-কলেজ পড়ুয়াদেরও।  


যাত্রী লোকনাথ আউলিয়া অভিযোগ করেন, "কাউন্টারে এসে দেখছি বন্ধ। বাসের সময়ও জানতে পারছি না, টিকিটও পেলাম না। এখন কীভাবে ধর্মতলায় যাব বুঝতে পারছি না।"  


এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল জানান, "কী কারণে কাউন্টারটি বন্ধ রয়েছে, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। দ্রুত টিকিট কাউন্টারটি চালু করার ব্যবস্থা করা হবে। যাত্রীদের যাতে আর কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, সেটাও নিশ্চিত করা হবে।"

Share: