দুর্গাপুরের কাঁকসার গোপালপুর গ্রামে অঙ্গনওয়ারি কেন্দ্রের টিউবয়েলের জলে বিষ মেশানোর অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। একই ধরনের ঘটনা ঘটেছে আরও কয়েকটি বাড়ির টিউবয়েলে। গ্রামের মানুষের অভিযোগ, জমিতে ধানের পোকা মারার বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত তড়িঘড়ি করে টিউবয়েলগুলি সিল করে দিয়েছে এবং জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ঘটনার বিস্তারিত অনুযায়ী, গোপালপুর গ্রামের উত্তরপাড়ার একটি অঙ্গনওয়ারি স্কুলের টিউবয়েলের জল আচমকা ফ্যানা যুক্ত এবং তীব্র গন্ধযুক্ত হয়ে ওঠে। স্থানীয়রা অভিযোগ করেছেন, কেউ বা কারা জমিতে ধানের পোকা মারার বিষাক্ত তেল এই জলে মিশিয়ে দিয়েছে। অঙ্গনওয়ারি কেন্দ্রের শিশু, গর্ভবতি ও প্রসূতি মহিলাদের রান্নার জন্য এই জল ব্যবহার করা হয়। গতকাল স্কুল ছুটির পর এক মহিলা টিউবয়েল থেকে জল নেয়ার সময় প্রথমে ফ্যানা লক্ষ্য করেন এবং তীব্র গন্ধ পান।
পঞ্চায়েত ও পুলিশ বিষয়টি জানানো হলে, কাঁকসা থানার পুলিশ এসে টিউবয়েলগুলি সিল করে দেয়। গোটা গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, বিশেষ করে উত্তরপল্লী এবং আশপাশ এলাকায়। পঞ্চায়েতের তরফে জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই টিউবয়েলগুলি গ্রামের পানীয় জলের একমাত্র উৎস ছিল, তাই বিষ মেশানোর ঘটনায় গোটা গ্রামে জল নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, যদি শিশুরা বা বাড়ির লোকজন এই জল খেতেন, তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। কাঁকসা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

