তপবন সিটিতে লিফ্ট দুর্ঘটনা! গুরুতর জখম সেনা জওয়ান কৃষাণু বন্দ্যোপাধ্যায়। পাঁচতলা থেকে লিফ্ট ছিঁড়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আবাসনে। দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে তাকে।
ঘটনাটি ঘটে তপবন সিটির ৫৮ নম্বর টাওয়ারে। পাঁচতলা থেকে নিচে নামার জন্য লিফটে ওঠেন কৃষাণু বাবু। কিন্তু লিফ্টটি যাত্রার মুহূর্তেই একেবারে নিচে ছিঁড়ে পড়ে। নিরাপত্তারক্ষী ও আবাসিকরা তড়িঘড়ি লিফ্টের দরজা ভেঙে তাকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যান।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন আবাসনের বাসিন্দারা। রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগ তুলে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন তারা। আবাসিক গোপা পালের বক্তব্য, লিফ্টে এর আগেও একাধিকবার যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে। অভিযোগ জানিয়েও কোন সমাধান মেলেনি। এবার তো একেবারে বড় দুর্ঘটনা ঘটে গেল। সম্পূর্ণ দায়িত্বহীনতা আবাসন কর্তৃপক্ষের।"
আবাসনের সম্পাদক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় জানান, **"এর আগেও ফাঁকা লিফ্ট ছিঁড়ে পড়ার ঘটনা ঘটেছে। বারবার বলার পরেও আবাসন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আজ এত বড় দুর্ঘটনা ঘটার পরেও কর্তৃপক্ষের দেখা নেই।"
তবে এই ঘটনায় আবাসন কর্তৃপক্ষের সুপারভাইজার উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, "এ ধরনের দুর্ঘটনা দুঃখজনক। রক্ষণাবেক্ষণের কাজ আমাদের তরফ থেকে করা হয়, এবং আবাসিকদের সমস্যার সমাধানের চেষ্টা চালানো হয়। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য নজরদারি বাড়ানো হবে।"

