আসানসোলের আপকার গার্ডেনে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাসভবনে হামলার ঘটনা ঘটে। এক যুবক মন্ত্রীর বাসভবনের অফিসে ঢুকে টেবিলের কাচ ভাঙচুর করে। এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে আসানসোল শহরের জিটি রোডের ভগৎ সিং মোড় সংলগ্ন অভিজাত এলাকা আপকার গার্ডেনে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে। ঘটনার সময় মন্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে মন্ত্রীর স্ত্রী সুদেষ্ণা ঘটক উপরের তলায় অবস্থান করছিলেন এবং এই ঘটনার ফলে আতঙ্কিত হয়ে পড়েন।
জানা যায়, এক যুবক মন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে নিরাপত্তারক্ষীরা মন্ত্রীর অনুপস্থিতির কারণে তাকে ফিরিয়ে দেন। এরপর ওই যুবক নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে মন্ত্রীর বাড়ি সংলগ্ন অফিসে ঢুকে পড়ে। কেন তাকে মন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, এই রাগে অফিসে থাকা টেবিলের কাচ ভাঙচুর করে।
ভাঙচুরের শব্দ শুনে নিরাপত্তারক্ষীরা দ্রুত এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার আধিকারিক এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
ধৃত যুবক, বছর ২১-এর ভিক্কি কেওড়া, আসানসোল পুরনিগমের ৫৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুরের সায়েরপাড়ার বাসিন্দা। পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে, ঠিক কী কারণে সে মন্ত্রীর বাড়িতে ঢুকে এই হামলা চালিয়েছে তা জানার জন্য।

