Nomination with Constitution in Hand: Tarun Roy’s Unconventional Message in Durgapur West
ভোটের রাজনীতিতে কেউ জনসমর্থনের জোয়ার দেখান, কেউ শক্তির প্রদর্শন করেন। কিন্তু দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী তরুণ রায় বেছে নিলেন এক ভিন্ন পথ। শনিবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে গিয়ে তাঁর হাতে ছিল ভারতের সংবিধানের একটি কপি।
চিরাচরিত রাজনৈতিক স্লোগানের বদলে তাঁর এই প্রতীকী পদক্ষেপ শিল্পশহরের রাজনৈতিক মহলে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। মনোনয়ন জমা দেওয়ার পর তরুণ রায় বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার চ্যালেঞ্জের মুখে। আর সেই অধিকার রক্ষার একমাত্র ভিত্তি হলো সংবিধান, যা তৈরি করেছিলেন আম্বেদকর।
তাঁর বক্তব্য, “দুর্গাপুরকে সুরক্ষিত রাখতে হলে সংবিধানের মূল আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধকে অটুট রাখা প্রয়োজন। সাধারণ মানুষের অধিকার রক্ষায় সংবিধানই সর্বোচ্চ। সংবিধান হাতে নিয়ে মনোনয়ন জমা দিয়ে আমি মানুষের কাছে স্পষ্ট বার্তা দিতে চেয়েছি—এই লড়াই শুধু ভোটের নয়, এটি অস্তিত্ব এবং আইনি সুরক্ষা রক্ষার লড়াই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাসক ও বিরোধী শিবিরের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সংবিধানকে সামনে রেখে তরুণ রায়ের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষ করে যখন দেশজুড়ে সংবিধান ও গণতান্ত্রিক কাঠামো নিয়ে বিতর্ক চলছে, তখন তাঁর এই উদ্যোগ সচেতন ও শিক্ষিত ভোটারদের উপর কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।

