Metro News
রাত পুনর্দখল ইস্পাত নগরী দুর্গাপুরে
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে বুধবার রাতে একটি 'রাত পুনর্দখল' কর্মসূচী অনুষ্ঠিত হয়। ডিএসপি টাউনশিপের চন্ডীদাস রোটারিতে মহিলারা ও সাংস্কৃতিক কর্মীরা রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত স্লোগান, গান, নাচ, আবৃত্তি, নাটক, ও বক্তৃতার মাধ্যমে প্রতিবাদে অংশ নেন। চিত্রশিল্পীরা ছবি এঁকে প্রতিবাদ জানান।
সুপ্রিম কোর্টে আরজি কর মামলা নিয়ে দ্রুত শুনানির দাবি জানানো হয়। সঠিক বিচারের দাবিতে সকলে সরব হন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, দূরদূরান্ত থেকে আসা মানুষ এই প্রতিবাদে যোগ দেন।
বেনাচিতিতে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের 'বিচার পেতে আলোর পথে' কর্মসূচির অংশ হিসেবে নারী নিগ্রহ বিরোধী দুর্গাপুর নাগরিক কমিটি মানববন্ধন আয়োজন করে। প্রান্তিকা থেকে ভিরিঙ্গী পর্যন্ত পথচারীদের সাথে হাত ধরাধরি করে মানববন্ধন করা হয়। কাইজার মোড়ে রাত ৯-১০টা পর্যন্ত অনেকে গান স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। এলাকার বাসিন্দারা নিজেদের বাড়িতে আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে দ্রুত বিচারের দাবি জানান।
দুর্গাপুর নাগরিক মঞ্চের উদ্যোগে জংশন মল চত্বরে হাতে ব্যানার নিয়ে স্লোগান ও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। এরপর বাড়ি ফিরে রাত ৯-১০টা পর্যন্ত আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ অব্যাহত রাখা হয়।