Newborn Rescued from Drain in Durgapur
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেনাচিতি এলাকার শালবাগান থেকে চাঞ্চল্যকর দৃশ্য। এক অন্ধকার গলির নর্দমা থেকে ভেসে এল এক নবজাতকের কান্না। শব্দ শুনে ছুটে যান স্থানীয়রা। কাছে গিয়ে তাঁরা দেখতে পান—প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় নর্দমায় পড়ে রয়েছে সদ্যজাত শিশু। তড়িঘড়ি ব্যাগ খুলে শিশুটিকে উদ্ধার করেন তাঁরা।
ঘটনার খবর দ্রুত জানানো হয় দুর্গাপুর থানায়। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের প্রশ্ন, কে এমন নৃশংসভাবে নিরীহ প্রাণটিকে নর্দমায় ফেলে গেল? কেন জন্মের সঙ্গে সঙ্গেই এমন মৃত্যুর ফাঁদে ঠেলে দেওয়া হল তাকে? পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

