Names of 144 candidates announced in the BJP’s first list
বিধানসভা নির্বাচন ঘিরে বাংলার রাজনৈতিক আবহ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচন কমিশন সূচি ঘোষণার একদিনের মধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। সোমবার প্রকাশিত সেই তালিকায় মোট ১৪৪টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
এই তালিকার সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা এসেছে ভবানীপুর কেন্দ্র ঘিরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রেই বিজেপি প্রার্থী করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও লড়াই করবেন বলে জানা গেছে। ফলে আগামী নির্বাচনে এই কেন্দ্র ঘিরে হাইভোল্টেজ লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট।
উত্তরবঙ্গের একাধিক আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। কোচবিহার উত্তরে সুকুমার রায়, শীতলকুচিতে সাবিত্রী বর্মন, দিনহাটায় অজয় রায় এবং তুফানগঞ্জে মালতি রাভা রায়কে প্রার্থী করা হয়েছে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন আসনে মনোজ কুমার ওরাওঁ, বিশাল লামা, পরিতোষ দাস ও দীপক বর্মন লড়াই করবেন।
জলপাইগুড়ি ও শিলিগুড়ি অঞ্চলেও বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে শিখা চট্টোপাধ্যায়, নাগরাকাটায় পুনা ভেঙরা, মাটিগাড়া-নকশালবাড়িতে আনন্দময় বর্মন এবং শিলিগুড়িতে ডা. শংকর ঘোষকে প্রার্থী করেছে দল। উত্তর দিনাজপুরে দুর্গা মুর্মু, সরজিৎ বিশ্বাস, মনোজ জৈন, বিরাজ বিশ্বাস ও উৎপল মহারাজ বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতেও একাধিক নাম ঘোষণা হয়েছে। কুশমন্ডিতে তাপসচন্দ্র রায়, কুমারগঞ্জে শুভেন্দু সরকার এবং বালুরঘাটে বিদ্যুৎ রায় বিজেপির হয়ে লড়বেন। মালদহের বিভিন্ন আসনে জোয়েল মুর্মু, চিন্ময়দেব বর্মন, রতন দাস, আশিষ দাস, অভিষেক সিংহানিয়া, গৌরচন্দ্র মণ্ডল, গোপালচন্দ্র সাহা, নিবারণ ঘোষ ও অভিরাজ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।
মুর্শিদাবাদ জেলার সুতিতে মহাবীর ঘোষ, রঘুনাথগঞ্জে সুরজিৎ পোদ্দার, লালগোলায় অমর কুমার দাস, ভগবানগোলায় ভাস্কর সরকার এবং মুর্শিদাবাদ কেন্দ্রে গৌরীশংকর ঘোষকে প্রার্থী করা হয়েছে। এছাড়া রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল ও জলঙ্গি কেন্দ্রেও বিজেপির প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে।
নদিয়া ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন আসনেও প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। করিমপুরে সমরেন্দ্রনাথ ঘোষ, পলাশীপাড়ায় অনিমা দত্ত, কালীগঞ্জে বাপন ঘোষ, রানাঘাটের দুটি কেন্দ্রে পার্থসারথি চট্টোপাধ্যায় ও অসীম বিশ্বাস, চাকদায় বঙ্কিমচন্দ্র ঘোষ এবং হরিণঘাটায় অসীমকুমার সরকার লড়বেন।
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া, আমডাঙা, নৈহাটি, ভাটপাড়া, বরানগর, দেগঙ্গা এবং বসিরহাট উত্তরেও বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, কুলতলি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, রায়দিঘি, ক্যানিং পূর্ব, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বজবজ ও মেটিয়াবুরুজ আসনেও বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কলকাতার ভবানীপুরে শুভেন্দু অধিকারী এবং রাসবিহারী কেন্দ্রে স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে।
হাওড়া ও হুগলি জেলাতেও একাধিক আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। হাওড়া উত্তর থেকে উমেশ রাই, শিবপুরে রুদ্রনীল ঘোষ, উলুবেড়িয়া দক্ষিণে স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ, আমতায় অমিত সামন্ত এবং ডোমজুড়ে গোবিন্দ হাজরা লড়বেন।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু আসনেও বিজেপি প্রার্থী দিয়েছে। পাঁশকুড়া পূর্বে সুব্রত মাইতি, ময়নায় অশোক দিন্দা, মহিষাদলে সুভাষ পাঁজা, হলদিয়ায় প্রদীপ কুমার বিজলী এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে। এছাড়া কাঁথি ও রামনগর অঞ্চলের একাধিক আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
জঙ্গলমহল অঞ্চলেও প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়াড়ি ও খড়্গপুর সদরে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। খড়্গপুর সদর থেকে প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। ফলে দীর্ঘদিন পর নিজের পুরনো রাজনৈতিক ঘাঁটিতেই আবার ফিরে এলেন তিনি।
বাঁকুড়া, পুরুলিয়া ও বর্ধমান অঞ্চলের একাধিক আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বিনপুর, বান্দোয়ান, বলরামপুর, মানবাজার, কাশীপুর ও পারা সহ বিভিন্ন কেন্দ্রে বিজেপির প্রার্থীরা লড়বেন। এছাড়া দুর্গাপুর, আসানসোল ও কুলটি অঞ্চলেও দলের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।
বীরভূম জেলার দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, ময়ূরেশ্বর ও হাঁসন কেন্দ্রেও বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভবানীপুরে শুভেন্দুকে প্রার্থী করে বিজেপি সরাসরি মুখ্যমন্ত্রীর শক্ত ঘাঁটিতে লড়াইয়ের বার্তা দিয়েছে। পাশাপাশি খড়্গপুর সদরে দিলীপ ঘোষকে ফের প্রার্থী করাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

