পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে শনিবার একটি অনুষ্ঠানে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। এই লাইব্রেরী তৈরিতে সাংসদ তহবিল থেকে ১০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক ও পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ চন্দন কোনার, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান উৎপল সিনহা, বিবি কলেজের অধ্যক্ষ ডঃ অমিতাভ বসু এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, পড়ুয়া ও কর্মীরা।
অনুষ্ঠানে সাংসদ শত্রুঘ্ন সিনহা জানান, কাজি নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে এসে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করা তাঁর জন্য গর্বের বিষয়। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি আসানসোলে কাজ করার সুযোগ পেয়েছেন এবং সবসময় আসানসোলের মানুষের পাশে থাকবেন। একজন সাংসদ হিসেবে আসানসোলের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, তা তিনি করবেন।
মন্ত্রী মলয় ঘটক সাংসদ শত্রুঘ্ন সিনহাকে ধন্যবাদ জানিয়ে অনুরোধ করেন, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ বিল কমানোর জন্য যেন সাংসদ তহবিল থেকে আরও কিছু অর্থ বরাদ্দ করা হয়, যাতে সোলার প্যানেল বসানো সম্ভব হয় এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ঘটে।

