Saturday, 20 Jun 2026

পুলিশের তৎপরতায় সন্তান ফিরে পেলেন মা

IMG

মোবাইলের লোভ দেখিয়ে সাত বছরের এক বাচ্চাকে অপহরণের চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের সগরভাঙা বিডিও মোড়ে। অভিযোগ, শুক্রবার দুপুরে স্থানীয় বস্তির এক বাচ্চা খেলছিল, তখন এক অচেনা ব্যক্তি মোবাইল ফোন দেওয়ার লোভ দেখিয়ে তাকে জোনাল সেন্টারের দিকে নিয়ে যায়। 


বাচ্চাটিকে খুঁজে না পেয়ে পরিবার দুশ্চিন্তায় পড়ে এবং কার্যত আশা ছেড়ে দেয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশকে। তারা সঙ্গে সঙ্গেই বাঁকুড়া গামী রাজ্য সড়কে তল্লাশি শুরু করে। 


অবশেষে জোনাল সেন্টারের কাছে একটি চায়ের দোকান থেকে বাচ্চাটিকে উদ্ধার করা হয়। পুলিশের আশঙ্কা, অভিযুক্ত ব্যক্তি পুলিশের ভয়ে বাচ্চাটিকে চায়ের দোকানে বসিয়ে রেখে পালিয়ে যায়। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। 


উদ্ধার হওয়ার পর বাচ্চাটিকে পরিবারের হাতে তুলে দেয় ট্রাফিক পুলিশ। ডিসি ট্রাফিক ভিজি সতীশ পাশুমারথি বলেন, "ট্রাফিক পুলিশ সর্বদা পরিষেবা দেওয়ার জন্য তৎপর। কর্মরত পুলিশ দ্রুত বাচ্চাটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। ঘটনার তদন্ত চলছে।"

Share: