Minister Raises Strong Objections Against Election Commission
মন্ত্রী প্রদীপ মজুমদার, যিনি রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের দায়িত্বে রয়েছেন, নাম উল্লেখ না করেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগরওয়াল-কে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনার এমনভাবে আচরণ করছেন যেন তিনি নিজেকে ডোনাল্ড ট্রাম্পের থেকেও বড় নেতা মনে করছেন।
মন্ত্রী অভিযোগ করেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরপেক্ষতার পথ থেকে সরে গিয়ে একপেশে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের উদ্বেগ বা মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও তিনি দাবি করেন। তাঁর মতে, যিনি কমিশনারকে ওই পদে বসিয়েছেন, মূলত তাঁর নির্দেশ মেনেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বর্তমানে ভোটার তালিকা এবং নির্বাচন প্রক্রিয়া ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী। তাঁর অভিযোগ, প্রায় এক কোটি কুড়ি লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই কাজই এখন চলছে। তিনি প্রশ্ন তোলেন, “ভারতবর্ষ কি এভাবেই কিছু অযোগ্য মানুষের দ্বারা পরিচালিত হবে?”
অন্যদিকে, এই মন্তব্যের কড়া জবাব দেন জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম বদলে ‘বাংলার গ্রাম সড়ক যোজনা’ করেছে। তিনি আরও বলেন, এই ধরনের দুর্নীতিগ্রস্ত সরকারকে ভবিষ্যতে মানুষ প্রত্যাখ্যান করবে। পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপি সাধারণ মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

