পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঠিকাদারের বিরুদ্ধে হুমকির অভিযোগ। কাঁকসা থানার ক্যানালপারের বাসিন্দা সতীশ মণ্ডল (৩২) নামে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের স্ত্রী জ্যোৎস্না মণ্ডলের অভিযোগ, কালীপুজোর পর রবি সরকার নামে এক ঠিকাদার সতীশকে রাজমিস্ত্রির কাজে ব্যাঙ্গালোরে নিয়ে যান।
জ্যোৎস্না জানান, রবিবার তাঁর স্বামীর সঙ্গে শেষবার ফোনে কথা হয়। সেদিন রাতেই ব্যাঙ্গালোর থেকে এক ব্যক্তি তাঁকে ফোন করে সতীশের ঝামেলার কথা জানায়। সোমবার সকালে রবি সরকার এলাকার এক ব্যক্তিকে ফোন করে সতীশের মৃত্যুর খবর দেয়। এরপর বুধবার বিকালে রবি আবার জ্যোৎস্নাকে ফোন করে হুমকি দেয়।
জ্যোৎস্নার দাবি, “রবি আমার স্বামীর দেহ আনতে বলে। আমার স্বামী রবির কাছে অনেক টাকা পেত। সে আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। আমি বিষয়টি পুলিশকে জানাতে চাইলে রবি বলে, ‘পুলিশ কিছুই করতে পারবে না।’ আমি এখন অসহায় হয়ে কাঁকসা থানার দ্বারস্থ হয়েছি।” পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

