Saturday, 20 Jun 2026

দুর্গাপুর ইস্পাত কারখানার বন্ধ আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড

IMG

দুর্গাপুর স্টিল টাউনশিপের কনিষ্ক রোডের ১/১২৬ নম্বর আবাসনে সাতসকালে ঘটে যায় রহস্যজনক ভয়াবহ অগ্নিকাণ্ড। দীর্ঘ চার বছর ধরে তালাবন্ধ থাকা এই আবাসনের পেছনের দরজা ভাঙা অবস্থায় ছিল। ঘরের ভেতরে প্রচুর মদের বোতল ছড়ানো ছিল, যা দেখে সন্দেহ হয়, এই তালাবন্ধ ঘরে দুষ্কৃতিদের অবাধ আনাগোনা চলছিল। প্রতিবেশীরা জানান, গত ১০ দিন ধরে ঘরের আলো জ্বলছিল এবং নিভছিল।  

অগ্নিকাণ্ডে ঘরের ভেতরের আসবাবপত্র ও আলমারি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আলমারির দরজা খোলা অবস্থায় ছিল, যা দুষ্কৃতিদের কার্যকলাপের ইঙ্গিত দেয়। প্রতিবেশী সুমন ঘোষাল জানান, “গুরুপদ সেনগুপ্ত ও রুক্ষিণী সেনগুপ্তর নামে এই আবাসন। তাঁদের দুই ছেলে বাইরে চাকরি করেন বলে এটি দীর্ঘদিন তালাবন্ধ অবস্থায় পড়ে ছিল।”  

প্রতিবেশীরা ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশ ও দমকল বিভাগকে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন প্রায় ৪-৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল কর্মীদের তালাবন্ধ বাড়িতে আগুন নেভাতে যথেষ্ট হিমশিম খেতে হয়।  

ঘটনাস্থলে উপস্থিত এসিপি (দুর্গাপুর) সুবীর রায় জানান, “আমরা গোটা ঘটনা তদন্ত করছি। ঘরে প্রচুর মদের বোতল পড়ে থাকার কথা জানা গেছে।” প্রতিবেশীরা আশঙ্কা প্রকাশ করেছেন, ঘরে গ্যাস সিলিন্ডার থাকলে বিস্ফোরণের ফলে আশপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারত।  

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

Share: