Saturday, 20 Jun 2026

রাস্তা মেরামতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

IMG

পশ্চিম বর্ধমান জেলার রাজবাঁধে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। বৃষ্টির কারণে এই রাস্তাটি কার্যত ডোবায় পরিণত হয়েছে, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এর প্রতিবাদে সোমবার সকালে এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ করেন, যা উত্তেজনার সৃষ্টি করে। স্থানীয়রা জানান, এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে এবং প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ কেন এই রাস্তাটি মেরামত করছে না, তা নিয়ে তারা প্রশ্ন তোলেন। বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ করেন, যার ফলে প্রায় এক ঘণ্টা ১৯ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং যানজট সৃষ্টি হয়। কাঁকসা ট্রাফিক পুলিশ এবং কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে অবিলম্বে রাস্তাটি মেরামত করতে হবে। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। তবে, যদি রাস্তাটি দ্রুত মেরামত না করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

Share: