Saturday, 20 Jun 2026

নিয়ম-নীতি না মেনে দেদার মদের দোকান চলছে সালানপুরে

IMG

সালানপুরে বেপরোয়াভাবে চলছে মদের দোকান। রাত্রি এগারোটার পরেও সামডি রোডের ওই মদের দোকানে অবাধে বিকিকিনি চলে। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রায় মাঝরাতে সাংবাদিকরা সেখানে পৌঁছতেই, দোকানের মালিক মারমূর্তি ধারণ করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন গালিগালাজ সহ মারধরের হুমকিও দেওয়া হয়।  


তবে স্থানীয় মানুষজন এই বিষয়ে ভয়ে মুখ খুলতে চাননি, কারণ ওই মদের দোকানের মালিকের সঙ্গে এলাকার রাজনৈতিক প্রভাবশালীদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে অযথা ঝামেলায় জড়াতে চান না কেউ। রূপনারায়ণপুর বাজার সমিতির প্রাক্তন সম্পাদক নিরাপদ পাল জানান, আগেও এই এলাকায় নানা ঝামেলার খবর মিলেছে, তাই সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা জরুরি।  


এ বিষয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং জানান, আগেও ওই দোকান মালিককে থানায় ডেকে সতর্ক করা হয়েছিল। তিনি বলেন, নিয়ম মেনে দোকান চালানো উচিত, তা না হলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অন্যদিকে, সালানপুর ব্লকের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অপরাজিতা কর্মকারও একই মত প্রকাশ করে বলেন, নিয়ম মেনে দোকান বন্ধ করা উচিত এবং আশপাশের সমস্যা সম্পর্কে সতর্ক থাকা দরকার। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনারও আশ্বাস দেন।  


এদিকে, রাজস্ব বৃদ্ধির নামে প্রতিটি পঞ্চায়েত এলাকায় মদের দোকান বা বারের অনুমতি দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিজেপি নেতা অমিত গড়াই। তিনি পুলিশ ও প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তবে এ বিষয়ে অভিযুক্ত দোকান মালিকের কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Share: