রবিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বিদ্যাসাগর এভিনিউয়ে সিটুর অফিসে আক্রমণ করে দুষ্কৃতীরা। শহিদ বেদীতে থাকা দলীয় পতাকা মাটিতে ফেলে এবং পতাকা তোলার পাইপ চুরি করে পালিয়ে যায় তারা। বিদ্যাসাগর এভিনিউয়ে সিটু অনুমোদিত হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের অফিস রয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ললিত মিশ্র অভিযোগ করেন, "তৃণমূল সারা রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। দুর্গাপুরে তৃণমূলের নেতৃত্বেই এই কাজ হয়েছে।" তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের ১ নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ। যদিও এদিন বিকেলে ডিএসপি টাউনশিপে প্রতিবাদ মিছিলের আয়োজন করে সিটু। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বাম কর্মী সমর্থকরা পথে নামেন। সিটুর জেলা সম্পাদক তথা প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী এবং প্রাক্তন সিপিএম বিধায়ক সন্তোষ দেব রায়ের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। দ্রুত দোষীদের গ্রেফতার এবং আর জি কর কান্ডের জন্য দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তাঁরা।

