প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিবস পালন করা হল শিল্পাঞ্চল দুর্গাপুরে। মঙ্গলবার সকালে দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের সামনের রোটারীতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দুর্গাপুর স্টীল সিটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । এদিন প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৮১ তম জন্মদিবস পালন করা হয়। রাজীব গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করার পর সদ্ভাবনা দিবসের শপথ বাক্য বাক্য পাঠ, কৃতি মানুষদের সম্বর্ধনা ও দুস্থদের বস্ত্র বিতরণ করে পালন করা হয় দিনটি। এই অনুষ্ঠান কর্মসূচির মঞ্চ থেকে সম্বর্ধনা দেওয়া হয় 'শিক্ষারত্ন' পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক, নজরুল গবেষক, কবি ও সাহিত্যিক কাজী নিজামউদ্দিন মহাশয়কে, বিশিষ্ট গীতিকার,লেখিকা, চিত্রনাট্যকার তথা তথ্য-চলচ্চিত্র পরিচালক এবং 'মেসবাড়ি' তথ্য-চলচ্চিত্রের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত দীপান্বিতা সেন এবং আন্তর্জাতিক পদকজয়ী ক্রিয়াবিদ সুকদেব বিশ্বাসকে। এই কর্মসূচিতে দুর্গাপুরের জাতীয়তাবাদী মানুষজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করতে দেখা যায় সকলকে।

