দুর্গাপুরের এক শপিংমলে খেজুর কিনে বিপাকে পড়েছেন প্রাক্তন সেনা কর্মী সুরজিৎ রায়। তার অভিযোগ, আরবিয়ান খেজুরের বাক্স থেকে পোকা বের হওয়ার ঘটনা জানাতে গেলে শপিংমলের কর্মীরা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। করঙ্গপাড়ার বাসিন্দা সুরজিৎ রায় জানান, সোমবার সন্ধ্যায় ওই শপিংমল থেকে তিনি খেজুর কিনেছিলেন। কিন্তু বাড়িতে এসে বাক্স খুলতেই দেখেন, পোকায় ভরা।
পরের দিন, মঙ্গলবার বিকেলে, পোকাভর্তি খেজুরের বাক্স নিয়ে তিনি শপিংমলে ফেরত যান। সেখানে কর্মীরা খেজুরের বাক্স বদলানোর প্রস্তাব দেন, কিন্তু সুরজিৎ রায় সংস্থার সিনিয়র ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাইলে কর্মীরা তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে তিনি অভিযোগ করেন। এরপরেই তিনি ক্রেতা সুরক্ষা দফতরে লিখিত অভিযোগ জানান।
এ বিষয়ে শপিংমলের সেলস ম্যানেজার তনয় দাস বলেন, "আমরা ওনাকে খেজুরের বাক্স বদলানোর প্রস্তাব দিয়েছিলাম। আমাদের দায়িত্ব শুধু পণ্যের মেয়াদ পরীক্ষা করা এবং বিক্রি করা। পণ্যের ভেতরে খারাপ কিছু থাকলে তার দায় আমাদের নয়, বরং যে সংস্থা পণ্য সরবরাহ করেছে, দায় তাদের।" তবে দুর্ব্যবহারের অভিযোগ শপিংমলের কর্মীরা মানতে চাননি।

