Saturday, 20 Jun 2026

সরকারি অনুদানের তালিকায় দুর্গাপুর মহকুমা ১৭৫ টি পুজোকমিটি

IMG

আর কিছুদিনের মধ্যেই বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা। প্রতি বছরের মতো এ বছরও রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন পূজা কমিটিগুলিকে ৮৫,০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। এ বছর পশ্চিম বর্ধমান জেলায় মোট ১৯৭০টি পূজা কমিটি সরকারি অনুদান পাবে। ইতিমধ্যেই শনিবার আসানসোলে প্রশাসনের উদ্যোগে পূজা সমন্বয় কমিটির বৈঠকের মাধ্যমে চেক প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

রবিবার দুর্গাপুর মহকুমা এলাকার পূজা কমিটিগুলির জন্য সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে পূজা সমন্বয় বৈঠকে আনুষ্ঠানিকভাবে সরকারি অনুদান প্রদানের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানটির আয়োজন করেছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। অনুষ্ঠানে প্রথমে দুর্গাপুর মহকুমার পূজার গাইডলাইন প্রকাশ করা হয় এবং পরে ৬টি পূজা কমিটির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। বাকিদের শীঘ্রই চেক দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এই বছর দুর্গাপুর মহকুমায় ১৭৫টি পূজা কমিটিকে সরকারি অনুদান প্রদান করা হচ্ছে, যা গত বছরের তুলনায় ৪টি নতুন কমিটি বেশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী, জেলাশাসক পোন্নমবলম এস, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আব্দুল কালাম আজাদ, এডিডিএ-এর চেয়ারম্যান কবি দত্ত, ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা, এবং পূজা উদ্যোক্তারা ও পুলিশ আধিকারিকগণ।

Share: