মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা এবং হরিহরপাড়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, গোলাম মুস্তাফা সরকার, ২০১৬ সালে তাঁর অসাধারণ শিক্ষাদানের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষা রত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। সম্প্রতি আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা, যেখানে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে, তার প্রতিবাদে শুক্রবার বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে নিজের শিক্ষা রত্ন সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন অবসরপ্রাপ্ত এই শিক্ষক।
২০১৬ সালে প্রাপ্ত এই সম্মানের পাশাপাশি কিছু অর্থমূল্যও পেয়েছিলেন তিনি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার সেই অর্থও ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন গোলাম মুস্তাফা সরকার। জেলাশাসকের মাধ্যমে পুরস্কার ফিরিয়ে দেওয়ার আবেদনপত্রও পাঠিয়েছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, 'আমি হালকা হতে চাইছি। আমাদের মেয়ের মতো ওই মহিলা ডাক্তারকে যে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে, তার প্রতিবাদেই আমার এই সিদ্ধান্ত।' এছাড়া তিনি আরও অভিযোগ করেন, 'প্রশাসন এই ঘটনার প্রমাণ লোপাট করার চেষ্টা করছে, যা ভয়ঙ্কর। এর প্রতিবাদেই আমি ২৫ হাজার টাকা এবং শিক্ষা রত্ন পুরস্কার ফেরত দিতে চাই।'

