Saturday, 20 Jun 2026

দখল হয়েছে আইসিডিএস সেন্টারের শৌচাগার !

IMG

আইসিডিএস সেন্টারের জমি দখল করে অবৈধ নির্মাণের ঘটনা ঘিরে উত্তেজনা খান্দরা গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ উঠেছে, সেন্টারের শৌচাগারও দখল করে নির্মাণ চলছে। বিষয়টি জানা সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিছু না জানানোর অভিযোগ উঠেছে সেন্টারের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা স্বরূপা বক্সির বিরুদ্ধে।  

ঘটনাটি ঘটেছে অন্ডাল ব্লকের খান্দরা গ্রাম পঞ্চায়েতের উখড়া রেলস্টেশন সংলগ্ন খালাসি পাড়ার ১৬৭ নম্বর আইসিডিএস সেন্টারে। শনিবার ঘটনাস্থলে দেখা যায়, আইসিডিএস সেন্টারের পাশে সরকারি জমিতে ঢালাইয়ের মাধ্যমে একটি ঘর নির্মাণ করা হচ্ছে। অভিযোগ, বিকাশ তিওয়ারি নামে স্থানীয় এক ব্যক্তি শুধু সরকারি জমি নয়, সেন্টারের শৌচাগারও দখল করেছেন। এর ফলে সমস্যায় পড়েছেন সেন্টারের দিদিমণি, সহায়িকারা এবং ছোট ছোট পড়ুয়ারা। বাধ্য হয়ে খোলা জায়গায় শৌচকাজ করতে হচ্ছে তাদের।  

শিক্ষিকা স্বরূপা বক্সি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিছু জানাননি। অন্যদিকে, দখলদার বিকাশ তিওয়ারির দাবি, শিক্ষিকার অনুমতি নিয়েই তিনি নির্মাণ কাজ করছেন। প্রশ্ন উঠেছে, একজন শিক্ষিকা কীভাবে সরকারি জায়গা দখলের অনুমতি দিতে পারেন?  

ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট দপ্তরের সিডিপিও স্বর্ণপ্রিয়া নাগ জানান, এমন হওয়ার কথা নয় এবং কেন শিক্ষিকা অভিযোগ জানায়নি তা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।  

ঘটনার খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে আসেন খান্দরা পঞ্চায়েতের উপপ্রধান আশিষ ভট্টাচার্য। তিনি অবিলম্বে উখড়া ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দখলদারকে কাজ বন্ধ করার নির্দেশ দেয়। আশিষ ভট্টাচার্য জানান, আপাতত নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনার পূর্ণ তদন্ত হবে।

Share: