কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের হাইমাস্ট লাইটে বিদ্যুৎ সংযোগ না হওয়ায় সমালোচনার মুখে পঞ্চায়েত। বিরোধীরা এই ঘটনায় সরব। জানা গেছে, তিন মাস আগে পঞ্চায়েতের আবেদনে সাড়া দিয়ে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার তাঁর এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় দুই লক্ষ আশি হাজার টাকা ব্যয়ে একটি হাইমাস্ট লাইট দিয়েছিলেন। মলানদিঘী হাটতলার সামনের মাঠে লাইটটি বসানো হয় এবং ১৬ সেপ্টেম্বর এর উদ্বোধন হয়।
তবে উদ্বোধনের তিন মাস পরেও লাইটটিতে বিদ্যুৎ সংযোগ হয়নি। সন্ধ্যার পর পুরো এলাকা আঁধারে ঢেকে যায়। উল্লেখযোগ্যভাবে, সামনেই দুটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। প্রতিদিন প্রায় হাজার খানেক পড়ুয়া এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, ফলে স্থানীয়দের পাশাপাশি তাঁরা সমস্যায় পড়ছেন।
স্থানীয় বাসিন্দা বিজু রুইদাস অভিযোগ করে বলেন, "এই লাইট দুর্গাপুজোর আগেই জ্বলার কথা ছিল। তিন মাস হয়ে গেল, কিন্তু আলো জ্বলল না। কেন এমনটা হচ্ছে, তা বুঝতে পারছি না।"
বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দাবি করেন, "ভাগবাটোয়ারা নিয়ে সমস্যার কারণে মন্ত্রীর দেওয়া লাইট জ্বালাতে ব্যর্থ হয়েছে পঞ্চায়েত। এটাই বর্তমান বাংলার বাস্তব পরিস্থিতি।"
তবে মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, "পঞ্চায়েতের সঙ্গে কথা হয়েছে। যে ভুল বোঝাবুঝি চলছে, তা দ্রুত মিটে যাবে। আশা করি, দু-এক দিনের মধ্যেই বিদ্যুৎ সংযোগ হয়ে যাবে।"

