High-Level Meeting on Child Protection Held in Durgapur, Emphasis on Effective Measures to Prevent Child Marriage and Child Labour
শিল্পাঞ্চল দুর্গাপুরে শিশু সুরক্ষা নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয় দুর্গাপুর মহকুমা শাসক ভবনে। কলকাতা হাইকোর্টের জুভেনাইল জাস্টিস কমিটির তত্ত্বাবধানে ও রাজ্য নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, কমিটির চেয়ারপার্সন শম্পা রায় এবং সদস্যা স্মিতা দাস দে।
শনিবার অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং হুগলি জেলার জেলা ও অতিরিক্ত জেলা বিচারক, মহকুমা আদালতের বিচারকরা অংশ নেন। বৈঠকে শিশুদের অধিকার, ন্যায়বিচার, সুরক্ষা, পুনর্বাসন এবং সামগ্রিক কল্যাণ নিয়ে বিশদ আলোচনা হয়।
বৈঠকে শিশু সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন— বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, প্রশাসন ও আদালতের মধ্যে সমন্বয় বৃদ্ধি, এবং শিশু সুরক্ষা কমিটি ও সংশ্লিষ্ট দপ্তরের যৌথ উদ্যোগে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
জুভেনাইল জাস্টিস কমিটির তরফ থেকে শিশু সুরক্ষায় কিছু নির্দিষ্ট দিকনির্দেশও দেওয়া হয়। একইসঙ্গে, কলকাতা হাইকোর্টের বিচারপতিরা জেলা ও নিম্ন আদালতের বিচারকদের জন্য বেশ কিছু পরামর্শ ও নির্দেশ প্রদান করেন, যা ভবিষ্যতে শিশু সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে সহায়ক হবে।

