Wednesday, 05 Aug 2026

ট্রাকের ধাক্কায় হকারের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

IMG

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মায়াবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় এক হকারের মৃত্যুর পর ক্ষতিপূরণের দাবিতে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার রাতে রাখাল পান্ডে নামে ৪০ বছরের এক যুবক সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন, তখন একটি বেপরোয়া গতির ১৬ চাকার ট্রাক তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। পুলিশ ট্রাকটিকে এবং চালককে আটক করেছে।


রবিবার বিকেলে মৃতদেহ নিয়ে এলাকাবাসী মায়াবাজার রেলগেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। তাঁদের দাবি ছিল মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।


মৃত যুবকের দিদি মালক পাল বলেন, "আমার ভাইয়ের জীবন চলে গেল। ট্রাক মালিক মাত্র ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে চাইছে। এই সামান্য টাকায় কী হবে, ভাইয়ের স্ত্রী এবং দুই সন্তান রয়েছে, তাদের কীভাবে চলবে? ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে এবং চালকের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে।" শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে প্রায় দু'ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

Share: