Saturday, 20 Jun 2026

মহারাষ্ট্র থেকে সোনা চুরি! খনি অঞ্চল থেকে গ্রেফতার চোর

IMG

Gold stolen from Maharashtra! Thief arrested from mining area

বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের অন্ডালের কাজোরা এলাকার একটি বেসরকারি কারখানা থেকে পূর্ণ মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মহারাষ্ট্রের রবিবারপেটা থানার পুলিশ। ধৃত পূর্ণ মন্ডল বীরভূম জেলার পাইকর থানার অন্তর্গত এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রে একটি সোনার দোকানে কর্মরত ছিলেন পূর্ণ মন্ডল। প্রায় চার মাস আগে সেই দোকান থেকেই তিনি আড়াইশো গ্রাম সোনা চুরি করে পালিয়ে যান। দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে রবিবারপেটা থানার পুলিশ।

তদন্তে জানা যায়, চুরির পর পূর্ণ মন্ডল পশ্চিম বর্ধমানে চলে আসেন এবং মাস দুয়েক আগে অন্ডালের কাজোরার এক বেসরকারি কারখানায় নিরাপত্তারক্ষী হিসেবে চাকরি নেন। বৃহস্পতিবার অন্ডাল থানার পুলিশের সহযোগিতায় মহারাষ্ট্র পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।ধৃতকে শুক্রবার দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করা হয়। সোনা উদ্ধারের লক্ষ্যে ও জিজ্ঞাসাবাদের জন্য তার ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Share: