Gas pipeline bursts in Durgapur causing panic; a major accident narrowly averted
দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার রঘুনাথ মুর্মু সরণিতে হঠাৎ গ্যাস পাইপলাইন ফেটে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও দ্রুত পদক্ষেপের ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, Indian Oil Corporation এবং Adani Total Gas-এর গ্যাস পাইপলাইনে আচমকাই ফাটল ধরে এবং সেখান থেকে গ্যাস বের হতে শুরু করে। ওই সময় দুর্গাপুর পুরসভার জলের পাইপলাইনের মেরামতির কাজ চলছিল। ঠিকাদার ফিরোজ খানের দাবি, অসাবধানতাবশত সেই কাজ চলাকালীন গ্যাস পাইপলাইনে আঘাত লাগে, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুত দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময়মতো উদ্ধারকারী দলের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে জানা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্ত। তিনি এই ঘটনার জন্য সংশ্লিষ্ট সংস্থার গাফিলতি এবং পরিকল্পনার অভাবকে দায়ী করেছেন। তাঁর মতে, পাইপলাইনের সঠিক নকশা ও তথ্যের অভাবেই এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এই ঘটনায় কোনও হতাহত বা বড় ক্ষয়ক্ষতি হয়নি। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই মেরামতির কাজ সম্পূর্ণ করে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

