Saturday, 20 Jun 2026

জামুড়িয়ার কারখানায় গ্যাস চেম্বার বিস্ফোরণ, শ্রমিকের মৃত্যু—নিরাপত্তা নিয়ে প্রশ্ন

IMG

Gas chamber explosion at a factory in Jamuria; worker dies — questions raised over safety.

অমৃতা দাশ,জামুড়িয়া : জামুড়িয়ার শিল্পাঞ্চলে আবারও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি সামনে এল। সুপার স্মেল্টারস লিমিটেড কারখানায় গ্যাস চেম্বারে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের, আহত হয়েছেন আরও কয়েকজন। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত শ্রমিক কাজী সাহিবুল (বয়স প্রায় ৩০-৩২), তিনি জামুড়িয়ার শ্যামলা এলাকার ভুঁড়ি গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও তিনি কাজে যোগ দিয়েছিলেন। অভিযোগ, বিকেল প্রায় তিনটা নাগাদ কারখানার গ্যাস চেম্বারে আচমকা বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর জখম হন একাধিক শ্রমিক এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় সাহিবুলের।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃতের পরিবারকে তৎক্ষণাৎ খবর দেওয়া হয়নি। পরে অন্য সূত্রে খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছন পরিবারের সদস্যরা, যা ক্ষোভ আরও বাড়িয়ে তোলে।

শুক্রবার সকাল থেকে কারখানার গেটের সামনে জড়ো হন মৃতের পরিবার ও এলাকাবাসী। তাঁদের দাবি, কারখানার গাফিলতির ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পাশাপাশি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে সাহিবুলের স্ত্রী ও চার বছরের সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা হস্তক্ষেপ করেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর ক্ষতিপূরণ হিসেবে ১৬ লক্ষ ৫০ হাজার টাকা এবং মৃতের স্ত্রীর জন্য চাকরির আশ্বাস দেওয়া হয়। এরপরই বিক্ষোভ প্রত্যাহার করেন গ্রামবাসীরা। ঘটনার পর গোটা এলাকায় শোকের আবহ বিরাজ করছে। একই সঙ্গে শিল্পাঞ্চলে শ্রমিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।


Share: