Four from Durgapur trapped in Jammu landslide
জম্মুর অর্ধকুঁয়ারী এলাকায় ভয়াবহ ধস নেমেছে টানা বর্ষণের জেরে। পাহাড় থেকে বিশাল বোল্ডার গড়িয়ে পড়ায় অন্তত পাঁচজন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন এবং চৌদ্দজনের বেশি আহত হয়েছেন। গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে কখনও হড়পা বান, কখনও ধসের মতো পরিস্থিতি তৈরি হয়েছে জম্মু-কাশ্মীরে।
এই দুর্যোগের মধ্যেই দুর্গাপুরের চার বাসিন্দা আটকে পড়েছেন। তাঁদের মধ্যে তিনজন সিটি সেন্টারের এবং একজন ডিএসপি টাউনশিপের বি-জোন এলাকার তিলক রোডের বাসিন্দা। সিটি সেন্টারের সঞ্জয় চক্রবর্তী জানান, প্রবল বৃষ্টির কারণে উদ্ধারকাজ এখনো শুরু হয়নি। মোবাইল নেটওয়ার্কে সমস্যার কারণে পরিবারের সঙ্গে ঠিকভাবে যোগাযোগ করতেও পারছেন না তাঁরা। আটকে থাকা বাকিদের মধ্যে রয়েছেন পিন্টু সিংহ, প্রদীপ কুমার প্রামানিক এবং সুশান্ত ঘোষ।

