পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রাইস মিল রোডে পরিত্যক্ত গাড়িতে আগুন লেগে চার শিশু ঝলসে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত শিশুদের মধ্যে শিবা সিং, গোলু সিং, আয়ুষ সাউ এবং পূর্বা সাউ রয়েছে, যাদের বয়স ৫ থেকে ৭ বছরের মধ্যে। স্থানীয় হাসপাতালে শিশুদের ভর্তি করা হয়েছে এবং দু'জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
জানা যায়, বুধবার দুপুর ৩টা নাগাদ ওই চারটি শিশু পরিত্যক্ত গাড়ির ভেতর খেলা করছিল। হঠাৎ করে গাড়িতে আগুন ধরে যায় এবং চার শিশু দগ্ধ হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে শিশুদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এর মধ্যে দু'জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাচ্চাদের উদ্ধার করতে গিয়ে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের মতে, ওই এলাকায় পুরনো ভাঙাচোরা গাড়ি রাখা হয়, যা নিয়ে বাচ্চারা প্রায়শই খেলা করে।
ঘটনাটি যে বোলেরো গাড়িতে ঘটেছে, তাতে ইঞ্জিন ছিল না। বনেটের ভেতরে শিশুরা প্রদীপ জ্বালিয়ে বা আগুন নিয়ে খেলতে গিয়েই এ ঘটনা ঘটেছে বলে অনুমান। কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে আগুন নিয়ে খেলতে গিয়ে ঘটনাটি ঘটেছে এবং পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।

