অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে ভুবনেশ্বর ও বাগডোগড়ার জন্য বিমান পরিষেবা চালু হয়েছে। শনিবার থেকে গুয়াহাটি রুটেও বিমান চালু হবে। বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মন্ডল জানিয়েছেন, ভুবনেশ্বরের জন্য সপ্তাহে ৭ দিন, বাগডোগড়ার জন্য ৪ দিন এবং গুয়াহাটির জন্য ৩ দিন বিমান চলবে।
বর্তমানে অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লি, চেন্নাই, মুম্বই, ব্যাঙ্গালুরু ও হায়দরাবাদে বিমান চলাচল করে। শুক্রবার থেকে ভুবনেশ্বর ও বাগডোগড়া, আর শনিবার থেকে গুয়াহাটি রুটের বিমান পরিষেবা শুরু হচ্ছে। এই রুটগুলোতে ইন্ডিগো কোম্পানির এটিআর বিমান চলাচল করবে। বাগডোগড়া রুটে পরিষেবা শুরু হওয়ায় উত্তরবঙ্গে যাওয়া সহজ হবে পর্যটকদের জন্য। আর ভুবনেশ্বর রুট চালু হওয়ায় পুরী যাওয়ার সুবিধা হবে। গুয়াহাটি রুট চালু হওয়ায় উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দুর্গাপুরের সরাসরি যোগাযোগ হবে।
বিমানবন্দর সূত্রে খবর, ভুবনেশ্বর থেকে বিমান ছাড়বে সকাল ১১টা ১৫ মিনিটে, এবং অন্ডালে নামবে দুপুর ১২টা ৫৫ মিনিটে। রবি, সোম, বুধ ও শুক্রবার এই বিমানটি ১টা ১৫ মিনিটে অন্ডাল থেকে ছেড়ে বাগডোগড়ায় পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে। বাগডোগড়া থেকে বিমান ছাড়বে দুপুর ২টা ৫৫ মিনিটে এবং দুর্গাপুরে পৌঁছাবে বিকেল ৪টা ৫ মিনিটে। বিকেল ৪টা ৩৫ মিনিটে দুর্গাপুর থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বিমানটি ভুবনেশ্বরে পৌঁছাবে। সপ্তাহের বাকি তিন দিন ভুবনেশ্বর থেকে দুর্গাপুরে আসার পর বিমানটি দুপুর ১টা ১৫ মিনিটে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে এবং পৌঁছাবে দুপুর ২টা ৪০ মিনিটে। দুপুর ৩টা ১০ মিনিটে বিমানটি গুয়াহাটি থেকে ছেড়ে ৪টা ৫০ মিনিটে দুর্গাপুরে পৌঁছাবে। তারপর বিকেল ৫টা ১০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বিমানটি পৌঁছাবে ভুবনেশ্বরে। প্রথম দিনে ভুবনেশ্বর থেকে অন্ডালে ৪৬ জন এবং অন্ডাল থেকে ভুবনেশ্বরে যান ৩২ জন যাত্রী।

