Saturday, 20 Jun 2026

অবশেষে খুলে দেওয়া হল বাংলা ঝাড়খন্ড সীমান্ত

IMG

ডিভিসি অনবরত জল ছাড়ায় রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং তিন দিনের জন্য বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত সিল করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের কুলটি থানার অন্তর্গত ডুবুর্ডি চেকপোস্টে বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত সিল করে পুলিশ। এর ফলে ভিন রাজ্য থেকে আগত ট্রাকগুলোকে পুনরায় ঘুরিয়ে দেওয়া হয়।

শুক্রবার দ্বিতীয় দিনেও একই চিত্র দেখা যায় বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে। একাধিক ট্রাকে কাঁচা মাল ছিল বলে জানান ট্রাক চালকেরা। ঘটনাস্থলে কুলটির বিজেপি বিধায়ক ডা. অজয় পোদ্দার আসেন। তিনি ডুবুর্ডি চেকপোস্টে পুলিশের আধিকারিকদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন এবং পুলিশের কাছ থেকে সীমান্ত সিলের লিখিত আদেশের কপি দেখতে চান। পুলিশ তা দেখাতে না পারায় বিধায়ক অজয় পোদ্দার উত্তেজিত হয়ে ওঠেন। পরে বিধায়ক জানান, পুলিশের উচ্চতর আধিকারিকরা তাকে জানিয়েছেন, আজ সন্ধ্যা থেকে সীমান্ত খুলে দেওয়া হবে।

গতকাল বিকেল ৫টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬:৩০টা পর্যন্ত বন্ধ থাকার পর অবশেষে ২৪ ঘণ্টা পর বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত খুলে দেওয়া হয়।

Share: