Saturday, 20 Jun 2026

শিক্ষক দিবসের দিনেও বিচারের দাবিতে পথে নামল শিক্ষকেরা

IMG

গত ৯ আগস্ট, আরজি কর মেডিক্যাল হাসপাতালে রাতের বেলা কর্মরত অবস্থায় এক তরুণী চিকিৎসক পড়ুয়াকে নৃশংসভাবে খুন করা হয়। এই ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দোষীদের শাস্তির দাবিতে প্রতিদিন কেউ না কেউ পথে নেমে আন্দোলন করছেন। চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই একযোগে এই আন্দোলনে অংশগ্রহণ করছেন। ইতিমধ্যেই তদন্তের ভার সিবিআইয়ের হাতে গেলেও, যথেষ্ট অগ্রগতি হয়নি বলে অভিযোগ তুলছেন বিচারপ্রার্থীরা। শিল্পাঞ্চল দুর্গাপুরেও এই ঘটনার প্রতিবাদে প্রতিনিয়ত বিভিন্ন মহল থেকে আওয়াজ উঠছে।


আজ শিক্ষক দিবস উপলক্ষে দুর্গাপুরে শিক্ষকরাও পথে নেমে দ্রুত তদন্তের দাবি জানান। এদিন জংশন মল থেকে শুরু করে চতুরঙ্গ ময়দান পর্যন্ত এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ও শিক্ষাকর্মীরা অংশ নেন। শিক্ষিকা মিতা চৌধুরী বলেন, “তদন্ত চলছে, কিন্তু প্রকৃত দোষীদের চিহ্নিত করতে অনেক বেশি সময় লাগছে। আমরা সাধারণ মানুষ অধৈর্য হয়ে পড়ছি, তাই দ্রুত তদন্তের দাবিতে এই শান্তিপূর্ণ মিছিল করেছি।” শিক্ষিকা দেবযানী বসু বলেন, “শিক্ষক দিবসে আমাদের একটাই দাবি—তলোত্তমার যারা দোষী, তারা শাস্তি পাক। আমরা চাই সঠিক এবং দ্রুত বিচার।”

Share: