Elderly woman pleads after her name is removed from the voter list; Bidhān Upadhyay offers reassurance
বারাবনি বিধানসভা কেন্দ্রের রূপনারায়ণপুরের সীমান্তপল্লী এলাকায় নির্বাচনী প্রচারের মাঝে এক হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী থাকল গোটা এলাকা। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়ের সামনে নিজের অস্তিত্বের স্বীকৃতি চাইতে গিয়ে আবেগে ভেঙে পড়লেন ৯০ বছর বয়সী বৃদ্ধা দুর্গা রায়।দীর্ঘদিনের বাসিন্দা দুর্গা রায়ের জীবন এখন নিঃসঙ্গ। একমাত্র ছেলেকে হারিয়েছেন, দুই মেয়ে বিয়ের পর নিজ নিজ সংসারে। ফলে একাই দিন কাটে তাঁর। বহু বছর ধরে নিয়মিত ভোট দিলেও সম্প্রতি ভোটার তালিকায় নিজের নামের পাশে ‘Deleted’ লেখা দেখে তিনি স্তম্ভিত হয়ে পড়েন। এদিন প্রচারে এসে বিধান উপাধ্যায়কে সামনে পেয়ে আর নিজেকে সামলাতে পারেননি বৃদ্ধা। কাঁদতে কাঁদতে তাঁর প্রশ্ন—
“আমি তো বেঁচে আছি, তাহলে কেন আমার নাম কেটে দেওয়া হল? নাম না থাকলে আমি ভোট দেব কীভাবে?”
ঘটনার গুরুত্ব বুঝে তৎক্ষণাৎ পদক্ষেপ নেন বিধান উপাধ্যায়। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত নির্দেশ দেন, যাতে দুর্গা রায়ের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এ প্রসঙ্গে তিনি জানান, অযথা মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে বলেও তিনি আশ্বাস দেন। তাঁর বক্তব্য, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ততদিন সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাজনৈতিক উত্তাপের আবহে এক অসহায় বৃদ্ধার ভোটাধিকার ফিরে পাওয়ার এই লড়াই ছুঁয়ে গেল সকলকে। এখন দেখার, প্রশাসনিক জটিলতা কাটিয়ে কত দ্রুত নিজের অধিকার ফিরে পান সীমান্তপল্লীর দুর্গা রায়।

