অন্ডালের পলাশবনের বাবুইশোল কলোনিতে স্ত্রীর খুন এবং স্বামীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহিলার নাম বাসন্তী চন্দ (৪২) এবং তার স্বামী ধনঞ্জয় চন্দ (৫৩), যিনি ইসিএল কর্মী ছিলেন। দীর্ঘ ২৫ বছরের বিবাহিত জীবনে নিঃসন্তান থাকার পাশাপাশি, ধনঞ্জয় চন্দের মদ্যপান ও জুয়ার আসক্তির কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া লেগে থাকত।
স্থানীয় বাসিন্দা মামনি সূত্রধর বলেন, "প্রায়ই ধনঞ্জয় মত্ত অবস্থায় স্ত্রীকে মারধর করত। বৃহস্পতিবার সকালে আমরা জানতে পারি বাসন্তীদেবী মৃত অবস্থায় পড়ে আছেন, আর ধনঞ্জয় ঝুলন্ত অবস্থায় রয়েছে। আমাদের ধারণা, রাতে স্ত্রীকে খুন করে ধনঞ্জয় আত্মহত্যা করেছে।"
ধনঞ্জয়ের দাদা হলধর চন্দ বলেন, "আমার ভাই সব গোপন করত, সন্তান না হওয়া নিয়ে ওদের মধ্যে প্রতিদিন অশান্তি হত।" ঘটনাস্থলে পৌঁছান অন্ডাল ও পাণ্ডবেশ্বর থানার সার্কেল ইন্সপেক্টর পিন্টু মুখোপাধ্যায়। তিনি জানান, "স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের অশান্তির ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে।"

