দুর্গাপুর উৎসব ২০২৪ শুক্রবার থেকে শুরু হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে কার্যত চাঁদের হাট বসেছিল। মন্ত্রী, বিধায়ক, জেলাশাসক, মহকুমাশাসক, পুলিশ কমিশনার, আড্ডার চেয়ারম্যান, চিকিৎসক থেকে শুরু করে জেলাপরিষদের শীর্ষ পদাধিকারী—কেউ বাদ যাননি।
উৎসবের বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় সঙ্গীত দল "দোহার"-এর মনমাতানো পরিবেশনা। দলের প্রাণপুরুষ কালিকাপ্রসাদের আকস্মিক অকাল প্রয়াণের পরেও দোহার তাদের সুরের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করতে সফল।
তবে এবারের উৎসবে শীতের সেই চেনা কামড় নেই। ডিসেম্বরের শুরুতেও শীতের জবুথবু রূপ যেন উধাও। গ্লোবাল ওয়ার্মিং-এর কড়া বার্তার মাঝেই উৎসবের উষ্ণতা শহরের পরিবেশকে আরও গরম করে তুলবে, তা নিশ্চিত। আগামী কয়েকদিন দুর্গাপুরের চিত্রালয়ে রথের মেলার মাঠে, অর্থাৎ রাজীব গান্ধী ময়দান, মানুষের ঢল সেই উষ্ণতাকে আরও বাড়িয়ে তুলবে।

