Saturday, 20 Jun 2026

১লা সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর সম্মান

IMG

দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আগামী ১ সেপ্টেম্বর 'দুর্গাপুর সম্মান' অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই উদ্যোগটি গ্রহণ করেছে দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)। বুধবার দুর্গাপুর নগর নিগমের সভাঘরে একটি সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় এবং পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্যরা। 


এই অনুষ্ঠানে দুর্গাপুরকে কৃত কর্মের মাধ্যমে গর্বিত করেছেন এমন তিনজন উদ্যোগপতিকে 'দুর্গাপুর সম্মান' প্রদান করা হবে। এছাড়া একজনকে 'সেরার সেরা' পুরস্কার দেওয়া হবে। এডিডিএর চেয়ারম্যান জানান, আর্থিক সহায়তার জন্য পাঁচজন দুস্থ কৃতীকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে, যাদের ভবিষ্যতে দুর্গাপুরের নাম উজ্জ্বল করার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা, খেলাধুলা বা যে কোনো ক্ষেত্রে উজ্জ্বল প্রতিভা কিন্তু আর্থিকভাবে সমস্যাগ্রস্ত এমন পাঁচজনকে বেছে নেওয়া হবে।


আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং দুর্গাপুর নগর নিগম ও এডিডিএ দফতরে আবেদন করা যাচ্ছে। এডিডিএর চেয়ারম্যান উল্লেখ করেন, "এই সম্মান দুর্গাপুরের নতুন প্রজন্মকে দিশা দেখাবে। আগামী ১ সেপ্টেম্বর প্রথম 'দুর্গাপুর সম্মান' অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং নাম নথিভুক্তকরণ ইতিমধ্যে শুরু হয়েছে।" অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, সম্মান ও অনুদান প্রাপকদের চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে, এবং সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপুর সম্মান প্রদান করা হবে।

Share: