Saturday, 20 Jun 2026

বিচারের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি দুর্গাপুর মহকুমা হাসপাতালে

IMG

Doctors strike in Durgapur sub-district hospital to demand justice

দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। দুর্গাপুর মহকুমার বিভিন্ন প্রান্তের বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সরা মিছিলে অংশ নিয়েছেন। দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ধর্মঘটের ডাক দিয়েছে, যার প্রভাব পড়েছে দুর্গাপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালেও। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন এবার সারা ভারত জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে। প্রথমে শুধু রাজ্যে, পরে দেশের কিছু কিছু শহরে, আর এবার সারা দেশে। আর জি কর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আজ শনিবার সারা দেশে কর্মবিরতি পালন করছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) সদস্য চিকিৎসকরা। এর ফলে আজ দেশের মোট ৫৫ হাজার হাসপাতালে চিকিৎসা পরিষেবা থমকে গিয়েছে।


এর মধ্যে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন হাসপাতালও অন্তর্ভুক্ত রয়েছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের জরুরী পরিষেবা বাদ দিয়ে আউটডোর সহ সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে, যার ফলে রোগীদের কিছুটা ভোগান্তির শিকার হতে হয়েছে।


আইএমএ-র পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সংগঠনের যেসব সদস্য বেসরকারি হাসপাতালে কর্মরত, তাঁরা আউটডোরে বসবেন না এবং চেম্বারও বন্ধ রাখবেন। সংগঠনের জাতীয় সভাপতি আর ভি অশোকন এবং সাধারণ সম্পাদক অনিলকুমার জে নায়েকের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের সব রাজ্যেই চিকিৎসকরা 'সফট টার্গেট'। রোগীর মৃত্যু হলে বা চিকিৎসার সময় সংকটজনক অবস্থা হলে, প্রথম রোষ নেমে আসে চিকিৎসকদের উপর। এমনই ঘটেছে আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায়। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, বুধবার রাতে নিরস্ত্র চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটেছে। হাই কোর্ট চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সহমর্মিতা দেখানোর জন্য কর্মবিরতিতে অংশ নিয়েছেন সদস্যভুক্ত দেশের প্রায় সাড়ে চার লক্ষ চিকিৎসক। আইএমএ-র দাবিকে নৈতিক সমর্থন জানিয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠনও।

Share: