Saturday, 20 Jun 2026

বন্ধ হল ডিএমসির টোল ট্যাক্স আদায়

IMG

রাজ্যের অনুমতি ছাড়াই টোল আদায় করছিল দুর্গাপুর নগর নিগম, যা নিয়ে হাইকোর্ট কড়া পদক্ষেপ নিয়েছে। হাইকোর্টের নির্দেশে নগর নিগমের অধীনস্থ ৭টি টোল বন্ধ করে দেওয়া হয়েছে। নগর নিগমের এই পদক্ষেপকে বিরোধীরা দুর্নীতি হিসেবে কটাক্ষ করেছে।  


দুর্গাপুর নগর নিগমের লেনিন সরণি, কাঞ্জিলাল এভিনিউ, বনফুল সরণি, নাচন, ও হ্যানিম্যান সরণির টোলগুলি থেকে কারখানার পণ্যবাহী গাড়ি থেকে টোল আদায় করা হত। ক্ষুদ্র শিল্পপতিরা ১২ টনের নিচে পণ্যবাহী গাড়ির টোল মুকুবের আবেদন করলেও, সেই আবেদন উপেক্ষা করে নগর নিগম টোল আদায় চালিয়ে যায়। এরপরই ক্ষুদ্র শিল্পপতিরা হাইকোর্টে মামলা করেন।  


হাইকোর্টের নির্দেশে বুধবার থেকে সমস্ত টোল বন্ধ করে দেওয়া হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে, বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমল পর্যন্ত এই অবৈধ টোল আদায়ের দুর্নীতি চলে আসছে। বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যের অনুমতি ছাড়াই টোল আদায় সম্পূর্ণ অবৈধ। হাইকোর্ট তা স্পষ্ট জানিয়ে দিয়েছে।"  


তবে নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় পাল্টা জানিয়েছেন, "সরকারি অনুমতি নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, তবে আমরা হাইকোর্টের নির্দেশ মেনে তিন মাসের জন্য সমস্ত টোল বন্ধ রাখছি। ভবিষ্যতে সমস্ত নিয়ম মেনে কাজ করা হবে।"

Share: