Wednesday, 05 Aug 2026

পুজোর মুখে রান্নার গ্যাস সরবরাহে বিঘ্ন দুর্গাপুরে

IMG

কিলোমিটার প্রতি তেলের বরাদ্দ বাড়ানোর দাবিতে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার রিফিলিং প্ল্যান্টের ট্রাক চালকরা তাদের কাজ বন্ধ রেখেছেন। এর ফলে পুজোর আগে রান্নার গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গের ৭টি জেলায় এই প্ল্যান্ট থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহ করা হয়। আইএনটিটিইউসি নেতৃত্ব দাবি করেছেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। অন্যদিকে, বিজেপি অভিযোগ করেছে, তৃণমূল ভাগ-বাঁটোয়ারা নিয়ে এতটাই ব্যস্ত যে, এসব সমস্যার দিকে দেখার সময় নেই।

দুর্গাপুরের লেনিন সরণীর ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্ট থেকে জ্বালানি গ্যাস সরবরাহের জন্য ২৫০টি ট্রাক রয়েছে। চালকদের সঙ্গে ট্রাক মালিকদের চুক্তি অনুযায়ী, ৩ কিলোমিটার ৬৫০ মিটারের জন্য এক লিটার ডিজেলের টাকা বরাদ্দ করা হয়। তবে চালকরা কয়েক মাস ধরে দাবি জানিয়ে আসছেন, ৩ কিলোমিটার ৫০০ মিটারের জন্য এক লিটার ডিজেলের টাকা দেওয়া হোক। মালিকরা এই দাবি না মানায়, চালকরা ৩৩টি গ্যাস ট্যাঙ্কার বন্ধ করে দেন।

ট্রাক মালিক তপন কুমার সাহা দাবি করেন, চুক্তির সময় আইএনটিটিইউসি নেতৃত্ব সাক্ষর করেছিলেন, অথচ এখন ট্যাঙ্কার বন্ধের বিষয়ে জানালেও তাঁরা কোনও পদক্ষেপ নিচ্ছেন না, ফলে মালিকরা ক্ষতির মুখে পড়ছেন। অন্যদিকে, ট্রাক চালক সুমিত লায়েক বলেন, "চুক্তি তো হয়েছিল, কিন্তু ট্রাকে বেশি গ্যাস সিলিন্ডার চাপানোর কারণে ট্রাকের উপর অতিরিক্ত চাপ পড়ছে, যার ফলে যান্ত্রিক গোলযোগ হচ্ছে। তাই তেলের বরাদ্দ বৃদ্ধির দাবি জানানো হয়েছে। এই দাবি না মানা হলে ট্রাক চালানো অসম্ভব।

জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, "সবটাই তৃণমূলের অন্দরের কাটমানি নিয়ে দ্বন্দ্ব। শ্রমিকরা সমকাজে সমবেতন না পেয়ে প্রতিবাদ করছেন, আর শ্রমিকের সমস্যা সমাধান করতে ব্যর্থ শাসক দলের শ্রমিক সংগঠন।

তবে, আইএনটিটিইউসি ব্লক সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়ে বলেন, "যারা এই কর্মকাণ্ড করছেন, তাঁদের উপর নজর রাখা হচ্ছে। আমাদের জেলা সভাপতি বিষয়টি দেখছেন এবং দ্রুত সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে।

Share: