গোটা সিদ্ধ উৎসবের পর গ্রামে ডায়রিয়ার প্রকোপ! আতঙ্কে এলাকাবাসী, ২৭ জন হাসপাতালে ভর্তি। কাঁকসার মলানদিঘীর আকন্দারা গ্রামে ছড়িয়েছে ডায়রিয়ার আতঙ্ক। উৎসবের পর থেকেই গ্রামের বহু মানুষ বমি ও পেটের খিচুনিতে অসুস্থ হতে থাকেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। এখনও পর্যন্ত ২৭ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল, ইএসআই হাসপাতাল ও মলানদিঘীর এক বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ অবস্থায় আরও সাতজন বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
তবে স্থানীয়দের অভিযোগ, এত বড় ঘটনার পরও এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হয়নি, এমনকি টিউবওয়েলগুলোও সিল করা হয়নি। গ্রামবাসী লাল্টু হাজরা জানান, "আমাদের বাড়িতে সবাই অসুস্থ। উৎসবের পর থেকেই ডায়রিয়ার প্রকোপ শুরু হয়েছে। একের পর এক বমি ও পায়খানার পর হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছি। তবুও পরিশ্রুত জল পাওয়া যাচ্ছে না, টিউবওয়েলের জল খেতেই হচ্ছে। কী কারণে এমন হল বুঝতে পারছি না, সবাই আতঙ্কে রয়েছি।"
এদিকে, মলানদিঘী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রাজীব নন্দী জানান, "এটি ডায়রিয়া জাতীয় রোগ। এখনও পর্যন্ত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও কয়েকজন অসুস্থ রয়েছেন। এলাকাবাসীদের জল ফুটিয়ে খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ওআরএস খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুকুরে ব্লিচিং পাউডার ছড়ানো হবে এবং টিউবওয়েল সিল করার ব্যবস্থা করা হচ্ছে।"
এলাকার পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন। মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের সদস্য সুনিতি চ্যাটার্জী জানান, **"বুধবার রাত থেকেই নজরদারি চালানো হচ্ছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য বলা হয়েছে। চিকিৎসক দলও গ্রামে বিশেষ পর্যবেক্ষণ চালাচ্ছে।"

