মুচিপাড়া-শিবপুর রাস্তায় অবরোধ। নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও আবাসনে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। সোমবার রাতে মুচিপাড়া থেকে বামুনাড়া যাওয়ার রাস্তার ধারে একটি বহুতল আবাসনে তিনটি ফ্ল্যাটে পরপর চুরি হয়। সিসি ক্যামেরায় ধরা পড়ে তিন চোরের ছবি। এই ঘটনায় আবাসনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই আশঙ্কা প্রকাশ করেন যে, দুষ্কৃতীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের যোগসাজশ থাকতে পারে। পুলিশ ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।
প্রতিবাদে বুধবার সকালে নিরাপত্তারক্ষীরা আবাসন ছেড়ে চলে যান। তাঁরা পাম্প এবং জেনারেটর চালানোর দায়িত্বে ছিলেন, ফলে তাঁদের অনুপস্থিতিতে লোডশেডিং হলেও জেনারেটর চালানো যায়নি। এর ফলে ক্ষুব্ধ আবাসিকরা মুচিপাড়া-শিবপুর রাস্তা অবরোধ শুরু করেন। তাঁদের দাবি, চোরদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং যথাযথ নিরাপত্তা দিতে হবে।
আবাসিক কৌশিক চট্টোপাধ্যায় বলেন, "সোমবার গভীর রাতে আমাদের আবাসনের তিনটি ফ্ল্যাটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। আমরা ভীষণভাবে আতঙ্কিত। আজ সকালে দেখি জল এবং বিদ্যুৎ নেই। পরে জানতে পারি, নিরাপত্তারক্ষী ও আবাসনের কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে। এই চরম সমস্যার কারণে আমরা পথ অবরোধ করেছি।"
খবর পেয়ে পুলিশ ও গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের আশ্বাসে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

