দুর্গাপুরে ডিপিএলের পরিত্যক্ত আবাসন থেকে একজন বৃদ্ধের পচন ধরা দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি নিরঞ্জন দাস (৭০), ডিপিএলের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। শুক্রবার সকালে কোকওভেন থানার রায়ডাঙা এলাকার ওই পরিত্যক্ত আবাসন থেকে তীব্র দুর্গন্ধ পাওয়া গেলে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পুলিশ এসে দ্বিতীয় তল থেকে নিরঞ্জনবাবুর পচন ধরা দেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য দেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দা রাজেশ বর্মা বলেন, "আমরা গন্ধ পেয়ে পুলিশকে খবর দিই। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই পরিত্যক্ত আবাসনে মাঝে মাঝে বৃদ্ধকে দেখা যেত, আত্মীয়-স্বজনদেরও দেখা যেত। দেহ দেখে মনে হচ্ছে দু-তিন দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।"

