দুর্গাপুরের বিজোনের ১২/৪৩ আইনস্টাইন অ্যাভিন্যুতে প্রয়াত প্রাক্তন পুরপিতার বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। তবে শহরে ক্রমবর্ধমান চুরির ঘটনায় একদিকে শহরবাসী আতঙ্কিত, অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন।
দুর্গাপুর নগর নিগমের ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত প্রাক্তন পুরপিতা স্বরূপ (পবিত্র) মুখার্জির স্ত্রী হৈমী মুখার্জি বাড়িতে তালা লাগিয়ে বাবার বাড়ি গিয়েছিলেন। আজ শনিবার সকাল ১০টা নাগাদ বাড়ি ফিরে ঘরে ঢুকে দেখেন, দুষ্কৃতীরা ঘরের ভেতর তাণ্ডব চালিয়েছে। আলমারি ভাঙা, জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সন্দেহ হওয়ায় তিনি বাড়ির ভেতরে ঢুকে দেখেন, বাউন্ডারির লোহার দরজা এবং ঘরের পেছনের দরজা ভেঙে লুটপাট চালানো হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। জানা গেছে, পাড়ার কাছাকাছি দুটি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তাই তারা আতঙ্কিত। ইতিমধ্যেই নিউটন ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছে। চুরির ঘটনায় লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না খোয়া গেছে।
গৃহকর্ত্রী হৈমী মুখার্জি জানান, তিনি বেশ কিছু দিন বাড়িতে ছিলেন না। এর আগে তালা বন্ধ করে তিনি গিয়েছেন, তবে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এর মাঝে ১২ই নভেম্বর তাঁর ছেলে একবার বাড়িতে এসেছিল।

