ছত্রিশগড়ে মৃত্যু হল সিআরপিএফ জওয়ান অজয় ঘোষের। তাঁর দেহ মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর-ফরিদপুর ব্লকের মাধাইগঞ্জের বাড়িতে আনা হয়। গান স্যালুট দিয়ে জানানো হয় শেষ শ্রদ্ধা। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
৫৫ বছর বয়সী অজয় ঘোষ ৪ জানুয়ারি ছত্রিশগড়ের উদ্দেশ্যে রওনা দেন এবং ৫ জানুয়ারি কাজে যোগ দেন। কিন্তু ৬ জানুয়ারি পিটি করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারান। মাটিতে পড়ে যাওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জওয়ানের ভাই শ্যামল ঘোষ জানান, পিটি করার সময় আচমকা অজয় ঘোষ অজ্ঞান হয়ে পড়েন। মঙ্গলবার সন্ধ্যায় সিআরপিএফ বাহিনী তাঁর দেহ গ্রামে নিয়ে এলে স্থানীয় বাসিন্দারা "অজয় ঘোষ অমর রহে" স্লোগান তুলে মিছিল করেন। এরপর সিআরপিএফের পক্ষ থেকে গান স্যালুট দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

