অবৈধ টোটোর দৌরাত্ম্য আটকাতে মাস দুয়েক আগে প্রশাসন পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিল। রাস্তায় টোটো চালানোর জন্য গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভারের লাইসেন্স বাধ্যতামূলক করা হয়, এবং নির্দিষ্ট রুটের বাইরে টোটো চলাচল নিষিদ্ধ করা হয়। ৩১শে আগস্ট এর মধ্যে রেজিস্ট্রেশন ও ড্রাইভারের লাইসেন্স করানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। অনেক টোটোচালক প্রশাসনের নির্দেশ মেনে রেজিস্ট্রেশন ও লাইসেন্স করালেও, বেশিরভাগ টোটোর রেজিস্ট্রেশন বা ড্রাইভিং লাইসেন্স এখনও হয়নি।
সময়সীমার পরেও কিছু চালক নিয়ম ভঙ্গ করে টোটো চালিয়ে যাচ্ছিল। অবৈধ টোটোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুক্রবার থেকে অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশ অভিযানে নামে। রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় অন্ডাল থানার বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে প্রায় ২৪টি টোটো আটক করা হয়েছে। ট্রাফিক গার্ডের ওসি প্রবীর পাল জানিয়েছেন, ধারাবাহিকভাবে এই অভিযান চলবে। কড়া পদক্ষেপের কারণে রাস্তায় টোটোর সংখ্যা অনেক কমে গেছে।
গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করাতে এককালীন মোটা টাকা লাগায় অনেক চালক সমস্যায় পড়েছে। এই কারণে অনেক চালক টোটো নিয়ে বাইরে বের হতে ভয় পাচ্ছেন, যার ফলে টোটোর সংখ্যা কমে গেছে বলে যাত্রীদের ধারণা।
সোমবার প্রশাসনের কড়া পদক্ষেপের প্রতিবাদে কাজোরা মোরে প্রায় দুইশো জন টোটো চালক হরতাল করে। অখিলেশ সাউ ও শেখ নাসিরসহ অন্যান্য চালকরা জানান, তারা টোটো চালিয়ে সংসার চালান, কিন্তু রেজিস্ট্রেশন ও লাইসেন্স করাতে প্রয়োজনীয় টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হয়নি। তারা সময়সীমা বাড়ানোর দাবি জানান। হরতালের ফলে বহু যাত্রী সমস্যায় পড়েছে।

