বর্ষা এলেই দুর্যোগের মুখে পড়েন বীরভূমের জয়দেব কেন্দুলী এবং পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের শিল্পনগরীর মানুষ। এই দুই এলাকার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা এখনও অজয় নদের উপর অস্থায়ী ফেরিঘাট। তবে বর্ষাকালে এই ফেরিঘাট বারবার ভেঙে যায়, ফলে বিপাকে পড়েন ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ।
অজয় নদের উপর স্থায়ী সেতু নির্মাণের কাজ প্রায় ৯০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। প্রায় চার বছর আগে এই সেতুর কাজ শুরু হয়েছিল। স্থানীয় জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের প্রধান বুম্বা রুইদাস জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে সেতু চালু হয়ে যাবে বলে আশাবাদী।
অস্থায়ী ফেরিঘাটের উন্নত পরিকাঠামো তৈরি হওয়ায় আপাতত দুই জেলার মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে স্থায়ী সেতুটি চালু না হওয়া পর্যন্ত যোগাযোগের একমাত্র ভরসা এই অস্থায়ী ফেরিঘাটই। স্থায়ী সেতু চালু হলে দুই জেলার মানুষদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

