Saturday, 20 Jun 2026

কয়লাখনিতে দুর্ঘটনায় মৃত্যু শ্রমিকের

IMG

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ঝাঁজরা এম আই সির খনিগর্ভে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল কানাইলাল ঘোষ (৪৮) নামে এক কর্মীর। মঙ্গলবার দুপুরে এই ঘটনার পর, ঝাঁজরা কোলিয়ারির সমস্ত শ্রমিক কয়লা খনির উৎপাদন বন্ধ রেখে উপরে উঠে আসেন।  


অভিযোগ অনুযায়ী, কনভেয়ার বেল্টের মধ্যে জড়িয়ে ওই খনি শ্রমিকের মৃত্যু হয়। গত দেড় বছরে এই কোলিয়ারিতে বড়সড় দুর্ঘটনার ফলে দুজন স্থায়ী শ্রমিক ও একজন ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত শ্রমিকের পরিবারের ক্ষতিপূরণ ও পোষ্যের চাকরির দাবিতে সমস্ত শ্রমিক সংগঠন বিক্ষোভ দেখাতে থাকে।  


ইসিএলের কর্পোরেট ওয়েলফেয়ার বোর্ডের সদস্য রঞ্জিত মুখোপাধ্যায় এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে বলেন, "রানিং কনভেয়ার বেল্টে কে বা কারা শ্রমিকদের কাজ করার নির্দেশ দিয়েছিল, তা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।" তিনি আরও বলেন, "ইসিএল কর্তৃপক্ষকে বারবার শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে বলেছি। তারা শুধু পোস্টার দেয়, মুখে বলে, কিন্তু বাস্তবে শ্রমিকদের ঝুঁকির মধ্যে কাজ করতে বাধ্য করছে, যার জেরেই এই দুর্ঘটনা।"  


এদিকে, মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা খনিতে এসে কান্নায় ভেঙে পড়েন। খনি শ্রমিক সংগঠনের নেতাদের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষ অত্যন্ত ঝুঁকি নিয়ে শ্রমিকদের কাজ করতে বাধ্য করছে। তবে এই বিষয়ে ইসিএলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Share: