সোমবার দুর্গাপুরে প্রয়াত হন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদের স্ত্রী পুনম আজাদ। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য স্নায়ুর ব্যধিতে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদকে শোকবার্তা পাঠিয়েছেন এবং এক্স হ্যান্ডেলে একটি পোস্টে পুনমের প্রতি শ্রদ্ধা জানান। পোস্টে তিনি লেখেন, "আমি পুনমকে দীর্ঘদিন ধরে চিনি এবং জানতাম যে তিনি গত কয়েক বছর ধরে গুরুতর অসুস্থ ছিলেন। কীর্তি এবং পরিবারের অন্য সদস্যরা সব রকম চেষ্টা করেছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর পাশে ছিলেন। আমি কীর্তি ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই এবং প্রার্থনা করি পুণমের আত্মা যেন শান্তি পায়।" পুনম আজাদ, তাঁর স্বামী কীর্তি আজাদের মতো, এক সময় সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি ২০০৩ সালে বিজেপির প্রার্থী হিসেবে শীলা দীক্ষিতের বিরুদ্ধে লড়াই করেছিলেন, যদিও সেই নির্বাচনে তিনি পরাজিত হন। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বিজেপির হয়ে গুরু দায়িত্ব পালন করেছেন এবং বিহারে বিজেপির মহিলা মোর্চার দায়িত্ব সামলেছেন। ২০১৬ সালে তিনি বিজেপি ছেড়ে আপে যোগ দেন এবং ২০১৭ সালে কংগ্রেসে যোগ দেন, তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি রাজনীতিতে সক্রিয় থাকতে পারেননি। সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয় বলে সাংসদ কীর্তি আজাদ জানিয়েছেন।
দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, ডিসিপি অভিষেক গুপ্তা, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় প্রমুখ পুনমের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।

